পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেকে ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে দাবি করেছেন। তিনি মনে করেন, তার গোল করার অসাধারণ রেকর্ডও যথাযথ স্বীকৃতি পাচ্ছে না।
সিএনএন পর্তুগালকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমি যে মানের পারফরম্যান্স করি এবং যে গোলগুলো করি, মানুষ সেগুলোকে প্রাপ্য স্বীকৃতি দেয় না।’ ক্লাব ও জাতীয় দলের হয়ে ১ হাজার ৩৩৭ ম্যাচে ৯৮০ গোল করা এই তারকা ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করার ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমি যদি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করি, তবু ইতিহাসের সেরা খেলোয়াড় আমি। ব্যস, কথা শেষ।’ তবে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে পারলে সেটি হবে অসাধারণ অর্জন বলেও স্বীকার করেন তিনি।










