পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, দেশের প্রয়োজন ও যাত্রীচাহিদা বিবেচনা করে বোয়িংয়ের উড়োজাহাজ কেনা হচ্ছে, কোনো বিদেশি চাপ বা গোপন এজেন্ডা নেই। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর আগে এপ্রিলে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছিল। নতুন চুক্তির আওতায় পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার ও ছয়টি ৭৩৭-৮ উড়োজাহাজ কেনা হবে। দুই দফায় বিমানের মোট বোয়িং উড়োজাহাজ কেনার সংখ্যা দাঁড়াল ২৫টিতে। ঢাকা-নিউইয়র্ক রুট পুনরায় চালুর বিষয়ে কারিগরি মূল্যায়ন চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।




