জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে। তিনি সম্প্রতি হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় দলের পক্ষ থেকে ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। সোমবার ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন এবং বলেন, প্রয়োজনে এলাকার মানুষের চিকিৎসার জন্য আরও সহায়তা করা হবে।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দলের আশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কারও হবে না। তিনি অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি আরও বলেন, তার দলের কেউ জড়িত থাকলেও যেন তাদের ক্ষমা না করা হয়।





