রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি ভেঙে ফেলার পর সড়কের পাশে ত্রিপল টানিয়ে শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সেন্টারের মূল ফটকের বাইরে অস্থায়ীভাবে টেবিল-চেয়ার পেতে এই টিকাদান কর্মসূচি শুরু হয়। এতে টিকা নিতে আসা শিশু ও তাদের মায়েদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার জানান, সেন্টার ভেঙে দেওয়ায় ফাঁকা জায়গায় ত্রিপল টানিয়ে অস্থায়ী টিকাদানকেন্দ্র করা হয়েছে। তবে অন্যান্য স্বাস্থ্যসেবা সীমিত হয়ে পড়েছে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এই ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায়।






