৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ক্রিটিকসদের বিচারে ‘বিসাতো দো’ওরো’ ক্রিটিক অ্যাওয়ার্ড অর্জন করেছে। রুবাইয়াত হোসেন পরিচালিত এই চলচ্চিত্রটি উৎসবের অরিজোন্তি (Orizzonti) প্রতিযোগিতামূলক বিভাগে প্রদর্শিত হয় এবং ব্যাপক প্রশংসা লাভ করে। এটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতামূলক বিভাগে নির্বাচিত প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ইতিহাস গড়েছে।
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত এই সিনেমায় জাইনিন নামের এক তরুণীর গল্প বলা হয়েছে, যে বিয়ের প্রস্তুতির মাঝে নিজের শরীরে অপ্রত্যাশিত পরিবর্তন আবিষ্কার করে। নারীবাদী ফোক হরর, বডি হরর ও অতিপ্রাকৃত উপাদানের মিশেলে নির্মিত এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক মহলেও প্রশংসা কুড়িয়েছে।








