বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী আনিসা খান ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে তার নেতৃত্বে অভিষেক হবে। আনিসা সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন। তিনি ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে কাবাডি শুরু করেন এবং ধীরে ধীরে জাতীয় দলে জায়গা করে নেন।
যুক্তরাজ্যে বেড়ে ওঠা আনিসা লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে উচ্চশিক্ষা লাভ করেছেন এবং আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারে কাজ করেছেন। তিনি 'বোম্বে পিৎজা' নামে একটি খাবারের ব্যবসাও প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও, তিনি বিবিসি ওয়ানের জনপ্রিয় রিয়েলিটি শো 'দ্য অ্যাপ্রেন্টিস'-এ অংশ নিয়ে পরিচিতি লাভ করেন।





