ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ করেছে কংগ্রেস ও বিরোধী দলগুলো। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনের পর এই বিক্ষোভের সূত্রপাত হয়, যেখানে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতবিরোধের কথা উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, দুই নির্বাচন কমিশনার অন্তত ১৪ বার বিভিন্ন সিদ্ধান্তে লিখিত আপত্তি জানিয়েছিলেন।
দিল্লিসহ কলকাতা, পাটনা, গুয়াহাটি সহ বিভিন্ন শহরে নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল করেন বিক্ষোভকারীরা। পুলিশ জলকামান ও ব্যারিকেড ব্যবহার করে মিছিল আটকায় এবং কয়েকজনকে আটক করে। রাহুল গান্ধী নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন। নির্বাচন কমিশন জানিয়েছে, মতপার্থক্য স্বাভাবিক এবং সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নেওয়া হয়। বিজেপিও রাহুলের অভিযোগ খারিজ করেছে।






