মাত্র একদিনের ব্যবধানে আবহাওয়ার নাটকীয় পরিবর্তন হয়েছে। শনিবার যেখানে দেশের ১২ জেলায় তাপপ্রবাহ ছিল, সেখানে রোববার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। গত ৯ ঘণ্টায় রাজধানীতে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হঠাৎ এই বৃষ্টির কারণ হিসেবে মৌসুমি বায়ুর সক্রিয় হয়ে ওঠাকে দায়ী করছেন আবহাওয়াবিদরা। বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন রাস্তায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তবে দেশের সব এলাকায় এমন বৃষ্টি হচ্ছে না।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া, সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা চলতি সপ্তাহে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে বাংলাদেশেও বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।




