গাজীপুরের টঙ্গী গোপালপুর সোসাইটির মাঠ এলাকায় উইনডি গার্মেন্টসের পাশে অবস্থিত একটি জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে শাহিনের মালিকানাধীন ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
টঙ্গী জোন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন জানান, খবর পাওয়ার ৪০ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার প্রাথমিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে।




