ফয়সাল আগুনের ওয়েব ফিল্ম ‘তোমাকে হলো না পাওয়া’য় অভিনয় করে আলোচনায় এসেছেন তরুণ অভিনেত্রী জিন্নাত ফারজানা চাঁদনী। ছোট পর্দায়ও বেশ কিছু আলোচিত প্রকল্পে তাকে দেখা গেছে। রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা চাঁদনী অভিনয়ের স্বপ্ন দেখার সাহস পেতেন না। স্কুল-কলেজে আবৃত্তি করলেও পরিবারের ভয়ে মঞ্চে উঠতে পারতেন না। ইডেন কলেজে পড়ার সময় সিনিয়র আপুদের সান্নিধ্যে অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায়।
ক্যাম্পাসের ছবি দেখে এক পরিচালক তাকে অভিনয়ের প্রস্তাব দেন। শামস করিমের ‘খোঁচা’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে ছোট্ট একটি দৃশ্যে অভিনয়ের মধ্য দিয়ে ২০২৩ সালে পর্দায় অভিষেক হয় তার। ধীরে ধীরে প্রধান চরিত্রে সুযোগ পেতে থাকেন। ‘তোমাকে হলো না পাওয়া’ ওয়েব ফিল্মটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে, যেখানে তিনি প্রাণবন্ত এক কলেজ ছাত্রীর চরিত্রে অভিনয় করেছেন।






