জাপানে ইনফ্লুয়েঞ্জার মৌসুম স্বাভাবিক সময়ের বেশ আগেই শুরু হয়েছে এবং দেশজুড়ে এর বিস্তার উদ্বেগজনকভাবে বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৪৭টি প্রশাসনিক অঞ্চলের সবকটিতেই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত মানুষের সংখ্যা সতর্কসীমা অতিক্রম করেছে। গত সপ্তাহে গড়ে ৭.১৭ শতাংশ মানুষ আক্রান্ত হয়েছে, যা আগের সপ্তাহের ৮.৪৮ শতাংশের চেয়ে কম হলেও তা সাময়িক হতে পারে বলে সতর্ক করা হয়েছে। ওকিনাওয়া প্রিফেকচারে সর্বোচ্চ সংক্রমণ দেখা গেছে, যেখানে প্রতি চিকিৎসাকেন্দ্রে রোগীর হার মোট জনসংখ্যার ৪২.৫০ শতাংশ।
স্বাস্থ্য মন্ত্রণালয় সাধারণ মানুষকে হাত ধোয়া ও কাশির সময় মুখ ঢাকার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। ১৯৯৯ সাল থেকে হিসাব রাখা শুরুর পর দ্বিতীয়বারের মতো এত আগে ফ্লু মৌসুম শুরু হলো। গত বছর এই সময় মৌসুম শুরু হয়েছিল, এবার তা মাসখানেক আগেই শুরু হয়েছে। ২০০৯ সালে সবচেয়ে আগে ফ্লু মৌসুম শুরু হয়েছিল, তখন আগস্ট মাসে রোগীর সংখ্যা নির্ধারিত সীমা ছাড়িয়েছিল।






