কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগকে ঢালাও বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, প্রাথমিক তদন্তে সালমান মুক্তাদিরকে ঘটনার শিকার (ভিকটিমাইজড) বলে মনে হচ্ছে।
রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে শনিবার রাতে এই ঘটনা ঘটে। সালমান মুক্তাদির অভিযোগ করেন, বিএনপি চাঁদাবাজির জন্য তার স্টুডিওতে হামলা চালিয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এই ভাঙচুর হয়েছে এবং সালমান মুক্তাদিরের স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, সালমান মুক্তাদির কোনো মামলা করেননি এবং তার কাছে কেউ চাঁদা চায়নি বলেও শুনেছেন।



