আনন্দবাজার পত্রিকার সাংবাদিক ও সম্পাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত সাংবাদিকদের রক্ষাকবচের আবেদনসংক্রান্ত মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন। আদালত বলেছেন, এই সময়ের মধ্যে পুলিশ কোনো ধরনের কঠোর বা উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ নিতে পারবে না।
গত ২৮ আগস্ট আনন্দবাজার পত্রিকার সম্পাদক ঈশানী দত্ত রায়, প্রধান প্রতিবেদক সোমা মুখোপাধ্যায় এবং সম্পাদকীয় টিমের বিরুদ্ধে ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছিল। গত ২১ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সহিংসতার খবর পরিবেশন করতে গিয়ে ‘গেরুয়া গুন্ডামি’ শীর্ষক শিরোনাম ব্যবহারের জেরে এই মামলা দায়ের হয়। সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের দাবি জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম ও প্রেস অ্যাসোসিয়েশন।





