মেট্রোরেলে হাফ প্যান্ট পরে চলাচলের পথে এক অ্যাথলেট প্রশিক্ষককে হয়রানির প্রতিবাদে হাফ প্যান্ট ও টি-শার্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ‘শর্টস পরেই মেট্রোতে উঠি!’ শিরোনামে ফেসবুকে এ কর্মসূচির ইভেন্ট খুলেছেন শাওন আহমেদ নামে এক ব্যবহারকারী। কর্মসূচির স্থান হিসেবে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশন উল্লেখ করা হয়েছে।
গত রবিবার (২৭ সেপ্টেম্বর) রানিং কোচ সাজ্জাদ হোসেন তার ট্রেনিং শেষে স্বাভাবিক রানিং পোশাক পরে ফার্মগেট মেট্রো স্টেশনে যান। তার পোশাককে ‘অশালীন’ বিবেচনা করে পুলিশ তাকে প্রায় ৪০ মিনিট আটকে রাখে। অথচ মেট্রোরেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মেট্রোরেলে চলাচলের জন্য কোনো নির্দিষ্ট ড্রেস কোড নেই। এর প্রতিবাদে সাধারণ নাগরিকদের স্বাভাবিক স্পোর্টসওয়্যার পরে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।




