সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবকে যৌথ সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছে। এই লক্ষ্যে দেশ তিনটির পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি ভিত্তিতে সেনাপ্রধানদের নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি নিয়েছেন। বিশ্লেষকরা এটিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন একটি শক্তিশালী সামরিক জোট গঠনের ইঙ্গিত হিসেবে দেখছেন। শুক্রবার সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিউইয়র্কে জাতিসংঘে অনুষ্ঠিত এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা সেনাপ্রধানদের আসন্ন বৈঠকের রূপরেখা নিয়ে আলোচনা করেন। ঐতিহাসিক মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী, স্বাক্ষরকারী কোনো দেশের ওপর হামলা হলে তা সম্মিলিতভাবে সব দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে। বৈঠকে তারা মক্কা নগরী ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা জানান এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।







