নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ের সিংলাব-পাকুন্দা অংশে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই প্রায় ২৫০ মিটার এলাকাজুড়ে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। সড়কের বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বালম্বি ফাটল এবং কিছু অংশ বসে গেছে। এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত অংশে যান চলাচল বন্ধ করে দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে এই ফাটল ও দেবে যাওয়ার ঘটনা ঘটেছে। টানা বৃষ্টির পর ভারী যানবাহন চলাচলের কারণে এমনটি হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। জরুরি ভিত্তিতে বিকল্প সড়ক তৈরি এবং মেরামতের কাজ চলছে।



