আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত সামরিক বাহিনী পাকিস্তানের একাধিক সীমান্ত ফাঁড়ি লক্ষ্য করে ভারী গোলাবর্ষণ করেছে। মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তান দাবি করেছে, তারা এই হামলা প্রতিহত করেছে এবং আফগান তালেবানের ছোড়া আটটি ড্রোন ভূপাতিত করেছে। তোরখাম সীমান্ত ও কোহাটের কাছে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করা ড্রোনগুলোকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়।
তবে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আফগান বাহিনীর হামলা চালানোর বিষয়টি অস্বীকার করেছেন। পূর্ব আফগানিস্তানে জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে পাকিস্তানি যুদ্ধবিমান থেকে বোমা ফেলার মাত্র কয়েক দিন পর এই ঘটনা ঘটল। কয়েক মাসের সীমান্ত সংঘাতের পর সম্প্রতি যে আপেক্ষিক শান্তি বজায় ছিল, তা পাকিস্তানের বিমান হামলার মাধ্যমে শেষ হয়ে যায়।






