চলতি বছরের শক্তিশালী এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে রেকর্ড দাবদাহ, খরা ও পানির সংকট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের গবেষণা বলছে, জুন থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রভাবে অতিরিক্ত প্রায় ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যু হতে পারে। দরিদ্র দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, যেখানে জলবায়ু পরিবর্তন ও অন্যান্য সংকটের কারণে খাদ্য ও জ্বালানির দাম বেশি।
গবেষণার সহ-লেখক মাইকেল গ্রিনস্টোন জানান, এল নিনোর প্রভাব শেষ হলেও গরমের ঝুঁকি ফেব্রুয়ারির পরও থাকতে পারে এবং আগামী গ্রীষ্মকাল পর্যন্ত অনুভূত হতে পারে। বিশেষ করে উষ্ণ ও দরিদ্র অঞ্চলগুলোতে অতিরিক্ত তাপমাত্রা জীবনঘাতী হতে পারে। সাহেল অঞ্চল, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং লাতিন আমেরিকার দেশগুলো উচ্চ ঝুঁকিতে রয়েছে।






