ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা হুমকি দিয়েছে যে, সৌদি আরবের পক্ষে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে বা বাব আল-মানদেব প্রণালীর অবরোধ ভাঙার চেষ্টা করলে পশ্চিম এশিয়ায় থাকা সব মার্কিন স্থাপনায় হামলা চালানো হবে। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে হুথির সামরিক উপদেষ্টা আবেদ মোহাম্মদ আল-থাওর এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আমেরিকা যুদ্ধজাহাজ পাঠালে বা বাব আল-মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে তা হবে চরম সীমা লঙ্ঘন এবং তারা শেষ পর্যন্ত লড়বে।
হুথিদের এই অবরোধ সৌদি আরবের তেল রপ্তানিতে বড় ধাক্কা দিয়েছে। উপদেষ্টা আরও বলেন, আমেরিকা যদি আকাশপথে সহায়তা দিয়ে সৌদি আরবের পক্ষ নেয়, তাহলে তাদের আশপাশের যেকোনো মার্কিন স্বার্থকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে এবং মার্কিন জাহাজের জন্য বাব আল-মানদেব প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তিনি আরও জানান, ইরান তাদের বন্ধু হলেও তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়।






