আয়ারল্যান্ড কোচ হেইমির হালগ্রিমসনের ইসরায়েলকে নিয়ে করা মন্তব্যকে সমর্থন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) কোচের মন্তব্যকে ‘অজ্ঞতা, ভণ্ডামি ও মূর্খতা’ বলে আখ্যা দিলে প্রধানমন্ত্রী তা প্রত্যাহারের আহ্বান জানান। গাজায় ধ্বংসযজ্ঞ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ইসরায়েলের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ সামনে রেখে হালগ্রিমসন বলেছিলেন, ‘আমরা গণহত্যার সঙ্গে খেলছি না, আমরা গণহত্যার বিরুদ্ধে খেলছি।’ এই মন্তব্যের জেরে আয়ারল্যান্ডের ভেতরেও বিতর্ক চলছে। ১৬০ জনের বেশি আইরিশ ক্রীড়াবিদ ম্যাচ বয়কটের আহ্বান জানিয়ে খোলা চিঠিতে সই করেছেন। নিরাপত্তা ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় ৪ অক্টোবরের ম্যাচটি ডাবলিন থেকে সরিয়ে সার্বিয়ার বাক্কা টোপোলায় নেওয়া হয়েছে।





