রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান রংপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, এমপি হওয়া সত্ত্বেও প্রশাসন থেকে তিনি কোনো গুরুত্ব পাচ্ছেন না। তিনি বলেন, ‘আপনারা এমপিকে পাত্তা দিচ্ছেন না? হোয়াই? হোয়াই?’ তিনি আরও বলেন, ‘আমাকে বাধ্য করবেন না থানা ঘেরাওয়ের জন্য, আমাকে বাধ্য করবেন না ডিসি অফিস ঘেরাওয়ের জন্য।’
এমপি মাহবুবুর রহমান সভায় পদমর্যাদাক্রম না মানা, বিভিন্ন কমিটিতে সংসদ সদস্যদের প্রতিনিধি না রাখা, সার ডিলার নিয়োগে অনিয়ম এবং একটি দলের প্রতি পক্ষপাতের অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘যদি পাবলিক খেপে যায়, তাহলে কিন্তু সেই খ্যাপানো আপনারা থামাতে পারবেন না।’ জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, ‘যেকোনো বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে সবারই শব্দচয়নের ব্যাপারে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকা উচিত।’








