ভারতের দিল্লিতে নির্বাচনী অনিয়মের অভিযোগে চলমান বিক্ষোভে ২৯ বছর বয়সী ছাত্রনেত্রী নেহা বোরা আলোচনায় উঠে এসেছেন। প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে আন্দোলন চলাকালে তিনি আটক হওয়া কর্মীদের মধ্যে ছিলেন। তিনি বামপন্থী ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি।
বিক্ষোভের সময় পুলিশের বাধার মুখে পড়ে ইনস্টাগ্রামে সরাসরি কথা বলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। গুগলে তার পরিচয়, বয়স, পড়াশোনা ও বাবার নাম জানতে চেয়ে অনুসন্ধানও বেড়ে যায়। নেহার বাড়ি উত্তরাখণ্ডের খাটিমায় এবং তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান ও ড. বি আর আম্বেদকর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন।







