ইরানে যুদ্ধের আতঙ্ক এখনো কাটেনি, তবে নতুন শিক্ষাবর্ষে স্কুল খুলেছে। দেশটির দক্ষিণাঞ্চলের মিনাবসহ কয়েকটি প্রদেশে নিরাপত্তাঝুঁকির কারণে প্রথম দুই সপ্তাহ স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে বোমা ফেলা হয়, যাতে অন্তত ১২০ শিশু নিহত হয়। এরপর স্কুল বন্ধ করে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানো হয়।
ধ্বংস হওয়া স্কুলের জায়গায় নতুন ভবন তৈরি হলেও স্বাভাবিক পরিবেশ ফেরেনি। অভিভাবকদের মধ্যে যুদ্ধের স্মৃতি এখনো তাড়া করছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের সময় ১ হাজার ২৮৮টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন অনলাইনে পড়াশোনার প্রভাবে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক দুর্বল হয়েছে এবং নিয়মিত পড়াশোনার পরিবেশ তৈরি কঠিন হয়ে পড়েছে।




