মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ) বলিউড অভিনেতা দিনো মোরিয়াকে মিঠি নদীর পলি অপসারণ প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার করেছে। বান্দ্রায় তার বাসভবনে প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে হেফাজতে নেওয়া হয়। তদন্তকারীদের অভিযোগ, দরপত্রে কারসাজি, অতিরিক্ত খরচ দেখানো ও ভুয়া বিল তৈরির কারণে বৃহন্মুম্বাই পৌরসভার প্রায় ৬৫ কোটি ৫৪ লাখ রুপি ক্ষতি হয়েছে।
মামলার অন্যতম অভিযুক্ত কেতন কদমের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে দিনোর নাম উঠে আসে। ফোনকল রেকর্ডে মামলার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে অভিনেতার যোগাযোগের তথ্য পাওয়া যায়। এই মামলায় কেতন কদম ও জয়েশ জোশীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।



