মালয়েশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ হালাল বাণিজ্য প্রদর্শনী ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস’ (মিহাস)-এর ২২তম আসর। বাংলাদেশসহ ৯০টি দেশের প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। হালাল খাদ্যপণ্য থেকে শুরু করে ওষুধ, প্রসাধনী, ফ্যাশন, লজিস্টিকস, ইসলামিক ফাইন্যান্স, প্রযুক্তি ও পর্যটনসহ ১৪টি খাতের পণ্য ও সেবা প্রায় ২ হাজার ৪০০ বুথে প্রদর্শন করা হচ্ছে। চার দিনব্যাপী এই আয়োজনে ৫০ হাজার দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।
এবার এআই সুবিধা চালু করা হয়েছে, যা ব্যবসায়িক অংশীদার খোঁজা, যোগাযোগ, ম্যাচমেকিং এবং বহুভাষিক সহায়তা দেবে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে ছয়টি প্রতিষ্ঠান এবং প্রাণসহ মোট সাতটি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক ক্রেতাদের কাছে হালাল খাদ্যপণ্যের সম্ভাবনা তুলে ধরছে।







