ভারতের প্রতিরক্ষা শিল্প গত এক দশকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে, আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন ও রপ্তানি বাড়িয়েছে। প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি, ক্রয়নীতি সংস্কার, বেসরকারি খাতের অংশগ্রহণ এবং গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ এই পরিবর্তনের মূল চালিকাশক্তি। ২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড ১ লাখ ৭৮ হাজার কোটি রুপিতে পৌঁছেছে, যা ২০১৩-১৪ সালের ৪৩ হাজার ৭৪৬ কোটি রুপি থেকে অনেক বেশি।
প্রতিরক্ষা রপ্তানিও চমকপ্রদভাবে বেড়েছে; ২০১৩-১৪ অর্থবছরের ৬৮৬ কোটি রুপি থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে ৩৮ হাজার ৪২৪ কোটি রুপিতে দাঁড়িয়েছে। বর্তমানে ভারতের তৈরি প্রতিরক্ষা পণ্য ৮০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে। বেসরকারি খাতও এই রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা মোট রপ্তানির ৪৫.১৬ শতাংশ। দেশীয় উৎপাদন বৃদ্ধির ফলে ভারত এখন দীর্ঘমেয়াদি সংঘাতের সময় দ্রুত সরঞ্জাম মজুদ ও মেরামতের সক্ষমতা অর্জন করেছে এবং বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরতা কমিয়েছে।





