মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালীতে সমুদ্রপথে পণ্য পরিবহনে বড় ধরনের বিঘ্ন ঘটছে, যা গত ৮০ বছরের মধ্যে বৈশ্বিক বাণিজ্যের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা সতর্ক করেছেন যে এই সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত বিশ্বজুড়ে খাদ্য ও সারের দাম বাড়িয়ে তোলার চরম ঝুঁকি তৈরি করেছে।
জেনেভায় ডব্লিউটিওর ‘পাবলিক ফোরাম’-এর ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে ওকোনজো-ইওয়েলা জানান, নানা ভূ-রাজনৈতিক চাপ সত্ত্বেও বিশ্ব বাণিজ্য ব্যবস্থা এখনো যথেষ্ট স্থিতিশীলতা দেখাচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের এই সংঘাত ডব্লিউটিওর ১৬৬টি সদস্য দেশের জন্য এক কঠিন পরীক্ষা। তিনি উল্লেখ করেন, চলতি বছরে পণ্য বাণিজ্যে অপ্রত্যাশিতভাবে ৪.৬ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে, যা আগের সব পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে।




