ভারতের লেগ স্পিনার অমিত মিশ্র জানিয়েছেন, চোট থেকে সেরে উঠলে তাঁকে দলে ফেরানোর আশ্বাস দিয়েছিলেন তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু সুস্থ হওয়ার পর কোহলির সঙ্গে যোগাযোগ করেও তিনি কোনো সাড়া পাননি।
মিশ্র বলেন, ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে চোট পাওয়ার পর তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার কার্যত শেষ হয়ে যায়। কোচ অনিল কুম্বলে এবং অধিনায়ক কোহলি দুজনেই তাঁকে ফিট হয়ে ফিরলে দলে সুযোগ দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু কোহলির কাছ থেকে আশ্বাস পেলেও পরে বারবার ফোন ও বার্তা পাঠিয়েও কোনো উত্তর না পেয়ে তিনি হাল ছেড়ে দেন।





