বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬ কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে কারিগরি ত্রুটির কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় সকল যাত্রী ও ক্রু সদস্য নিরাপদ রয়েছেন। উড্ডয়নের পর উড়োজাহাজটির সামনের ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেওয়ায় পাইলট জরুরি বার্তা পাঠান।
নিরাপদ অবতরণের প্রস্তুতির অংশ হিসেবে বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হয়, যার ফলে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত ছিল। অবতরণের পর সকল যাত্রী নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।



