রাজধানীর বাজারে আগাম শীতের সবজি উঠলেও দাম শুনে ক্রেতারা পিছু হটছেন। প্রতি কেজি শিম ২০০ টাকা এবং বেশিরভাগ সবজির দাম ৭০ থেকে ১০০ টাকা বা তারও বেশি। সপ্তাহের ব্যবধানে মাছের দামও বেড়েছে। কৃত্রিম সংকট দেখিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল ও প্যাকেটজাত চিনি। আগে থেকেই চড়া ডিম ও মুরগির বাজার। সব মিলিয়ে অপরিবর্তিত আয়ের বিপরীতে নিত্যপণ্যের এমন অস্বাভাবিক দামে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ।
প্রতি কেজি করলা, লতি, পটোল, কাঁকরোল ও শসা ৮০ টাকা, ঢ্যাঁড়শ ৬০ টাকা, লাউ ৬০-৮০ টাকা, গাজর ১৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, টমেটো ১২০ টাকা, আলু ৩০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, বরবটি ১০০ টাকা এবং বেগুন ১৪০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি রুই মাছ ৪০০-৬০০ টাকা, পাবদা ৬০০ টাকা, কই ৩৩০ টাকা, তেলাপিয়া ২৩০ টাকা এবং পাঙাশ ২৫০-২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্যাকেটজাত চিনির খুচরা মূল্য ১১০ টাকা হলেও ১২০ টাকায় এবং এক লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকার পরিবর্তে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং কক মুরগি ৩৩০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।




