বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ভারতের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং এর নাম হবে ‘অর্ণব’। বর্তমানে নিম্নচাপটি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে প্রায় ২০০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। পূর্বাভাস অনুযায়ী, এটি বুধবার ও বৃহস্পতিবারের মধ্যবর্তী রাতে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
নিম্নচাপের প্রভাবে ওই দুই রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিচু এলাকাগুলোতে পানি জমে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় ওড়িশা সরকার আগাম প্রস্তুতি নিয়েছে এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



