ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরি 'আ' এবং জার্মান বুন্দেসলিগা ফিফার প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের সংস্কারের দাবি জানিয়েছে। তারা বিশ্ব ফুটবলে ক্ষমতার অপব্যবহার রোধে কঠোর নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে। মূলত 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ' (এফএফই) শীর্ষক একটি বাণিজ্যিক সত্তা গঠন এবং তাতে বেসরকারি বিনিয়োগ অন্তর্ভুক্তির ফিফার উদ্যোগকে কেন্দ্র করে এই অচলাবস্থা তৈরি হয়।
চার লিগ এক যৌথ বিবৃতিতে বলেছে, ফিফার সাংবিধানিক কাঠামোর সীমানা স্পষ্ট করতে মৌলিক সংস্কার জরুরি। তারা ফিফার সিদ্ধান্ত গ্রহণে জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন, লিগ, ক্লাব ও খেলোয়াড়দের প্রতিনিধিত্বকারী একটি স্থায়ী সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছে। এছাড়া, ফিফা সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের ১০০ দিনের মধ্যে এই সংস্কারগুলো বাস্তবায়নের অঙ্গীকার করার আহ্বান জানিয়েছে তারা।











