২০২৬ সালের এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্টে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের প্রস্তুতি এবং ফাইনালে ওঠাকেই মূল লক্ষ্য হিসেবে দেখছেন। বুধবার সংবাদ সম্মেলনে তিনি জানান, দুটি প্রস্তুতি ম্যাচসহ এবারের ক্যাম্প থেকে দল ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে। লিটন বলেন, ‘প্রস্তুতি খুবই ভালো হয়েছে। দুটো প্র্যাকটিস গেম খেলার সুযোগ পেয়েছি। অনেকদিন পর একসঙ্গে হওয়ার একটা সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়, প্রস্তুতির দিক থেকে আমরা খুবই ভালো অবস্থায় আছি।’
এবারের এশিয়ান গেমসে শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও সেদিকে আলাদা করে নজর দিতে চান না লিটন। তিনি প্রতিপক্ষের চেয়ে নিজেদের প্রস্তুতিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। লিটন আরও বলেন, ‘যেকোনো টুর্নামেন্ট খেলতে গেলে কে প্রতিপক্ষ হবে, তার চেয়ে বড় প্রস্তুতি থাকে। আমরা সব দলের জন্যই প্রস্তুত এবং নিজেদের যে প্রস্তুতি নেওয়া দরকার, সেটাই করেছি।’ এশিয়ান গেমসে ক্রিকেটের সোনা জেতার পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার সম্ভাবনাকেও বড় লক্ষ্য হিসেবে দেখছেন তিনি।









