সরকারি সিকিউরিটিজ বা ট্রেজারি বিল ও বন্ডের প্রাথমিক বাজারে বিনিয়োগের জন্য প্রাইমারি ডিলার (পিডি) লাইসেন্স থাকা বাধ্যতামূলক। তবে তারল্য সংকটের কারণে এবি ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছে। এর মধ্যে এবি ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলছে, আর ন্যাশনাল ব্যাংকের লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করার বিষয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়।
এবি ব্যাংক সরকারি সিকিউরিটিজের প্রাথমিক বাজারে বিনিয়োগের পর দৈনন্দিন লেনদেন পরিচালনা কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে লাইসেন্স বাতিলের আবেদন করেছে। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকও গ্রাহক বৃদ্ধি ও আমানত কার্যক্রম শক্তিশালী করার দিকে মনোযোগ দিলেও বর্তমানে সংকটে থাকায় লাইসেন্স প্রত্যাহারের আবেদন করেছে। ন্যাশনাল ব্যাংক দুই বছরের জন্য লাইসেন্স স্থগিত চাইলেও বাংলাদেশ ব্যাংক তিন মাসের জন্য স্থগিত রাখার পক্ষে মত দিয়েছে।






