পিএসজি ফুটবল ক্লাব ও বিইন মিডিয়া গ্রুপের মালিকানা একই সঙ্গে ধারণ করার কারণে ফরাসি প্রসিকিউশন পিএসজির কাতারি সভাপতি নাসের আল খেলাইফির বিরুদ্ধে স্বার্থের দ্বন্দ্ব এবং প্রভাব খাটানোর অভিযোগে নতুন তদন্ত শুরু করেছে। প্যারিসের প্রসিকিউটর কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ-এর এক খবরে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে ফরাসি ফুটবল লিগ কর্তৃপক্ষের সঙ্গে টেলিভিশন সম্প্রচারস্বত্বসংক্রান্ত একটি বৈঠকের বিষয়ে তদন্তকারী কর্মকর্তারা বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। বিইন স্পোর্টস লিগ ওয়ানের ম্যাচ সম্প্রচারের জন্য ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল, যা পরে ফরাসি পেশাদার ফুটবল লিগ কর্তৃপক্ষ মেনে নেয়।









