জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আব্দুল্লাহ আল সৌদ। স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হওয়া এই বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার ওপর জোর দেন এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশ-সৌদি সম্পর্ক উন্নয়নে তাদের আগ্রহের কথা জানান এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় করেন।






