দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এবং মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আনোয়ার প্রধানের পদও স্থগিত করা হয়েছে।
গত ৬ অক্টোবরের ঘটনায় অশোভন ও মারমুখী আচরণের অভিযোগ এবং কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মহানগর বিএনপি জানিয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নবনিযুক্ত বিশেষ সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট সুমন মিয়ার দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে।









