ভারতের রাজধানী দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তরুণদের নেতৃত্বে আন্দোলন অব্যাহত রয়েছে। ব্যাপক ধরপাকড়ের একদিন পর গতকাল রোববারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার বিক্ষোভ দমনে পুলিশ হাজার হাজার মানুষকে আটক করেছিল, যাদের মধ্যে সিজেপি নেতা ও বিরোধী দলের নেতারাও ছিলেন। ভারতের সুপ্রিম কোর্ট এসব আটককে ‘অবৈধ’ ঘোষণা করার পর অনেককে ছেড়ে দেওয়া হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ সংশোধনের নামে বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যা ক্ষমতাসীন বিজেপির সুবিধা করছে। এই প্রক্রিয়ায় কারিগরি ত্রুটি ও স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে মুসলিম ভোটারদের নাম বাদ পড়ার ঘটনায়। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনের পর কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে নির্বাচন কমিশনারদের মধ্যে মতবিরোধের বিষয়টিও উঠে আসে।









