দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাছে কোয়ামাখুথা টাউনশিপে একটি বাড়িতে বন্দুকধারীদের গুলিতে এক গর্ভবতী নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ১৪ জন একটি ঘরোয়া পার্টিতে অংশ নিতে ওই বাড়িতে জড়ো হয়েছিলেন। হামলাকারীরা ঘরে ঢুকে গুলি চালালে ঘটনাস্থলেই ১০ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
নিহতদের কয়েকজনের বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল বলে পুলিশ জানিয়েছে। হামলাকারীরা ভুক্তভোগীদের একটি গাড়িতে আগুনও ধরিয়ে দেয়। দক্ষিণ আফ্রিকায় অপরাধের হার অত্যন্ত বেশি, যেখানে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন খুন হন।






