গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই জেনারেলসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কিকউইট থেকে রাজধানী কিনশাসার দিকে যাওয়ার পথে কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গে শহরে জরুরি অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।
উপগভর্নর রেমি সাকি বোকিন্দা জানান, কেঙ্গেতে কোনো অবতরণক্ষেত্র না থাকায় বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে নিশ্চিত করেছেন যে, বিমানে থাকা সকলেই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক, সরকারি প্রতিনিধিদলের সদস্য এবং অন্যান্য সামরিক কর্মীও ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।







