ডা. জুবাইদা রহমান নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নারীর অগ্রগতি শুধু শীর্ষ পদে পৌঁছানো নয়, বরং কতজন নারী তাদের অনুসরণ করার সুযোগ পাচ্ছেন এবং তাদের নেতৃত্ব কর্মক্ষেত্র ও সমাজে কতটা ইতিবাচক প্রভাব ফেলছে, তার ওপর নির্ভর করে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ওম্যান লিডারশিপ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার ৫০.৮ শতাংশ নারী হলেও নানা প্রতিবন্ধকতায় তারা মূলধারার অর্থনীতি থেকে পিছিয়ে আছেন। বাল্যবিয়ে, শিক্ষার সুযোগের সীমাবদ্ধতা এবং স্বাস্থ্যসেবার অভাব বড় বাধা। তিনি শিক্ষাক্ষেত্রে ছাত্রীদের ঝরে পড়ার হার এবং শ্রমশক্তিতে অংশগ্রহণের কম হার উল্লেখ করে বলেন, বিদ্যালয় থেকে উচ্চশিক্ষা ও কর্মসংস্থান পর্যন্ত ধারাবাহিক সহায়তা প্রয়োজন।









