ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিল এবং পুরোনো ভোটার তালিকা অনুযায়ী নির্বাচনের দাবিতে কলকাতায় বিক্ষোভ করেছে আটটি বাম ছাত্রসংগঠন। গতকাল রোববার শিয়ালদহ থেকে মিছিল বের করে সংগঠনগুলোর নেতা-কর্মীরা। পুলিশ মিছিল আটকে দিলে তাঁরা রানি রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা এসআইআর প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ করেন এবং বাদ পড়া ভোটারদের নাম তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানান। তাঁরা জ্ঞানেশ কুমারকে পদে রেখে নির্বাচন আয়োজনের বিরোধিতা করেন এবং দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।









