সোমবার রাজধানীতে চাঁদাবাজি, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা। হাতিরঝিল অঞ্চল এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশে ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম খান মিলন অবৈধ অস্ত্র উদ্ধার এবং চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, নিরপরাধ ব্যক্তিরা গ্রেপ্তার হচ্ছেন, অথচ অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকছে।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম ক্ষমতাসীনদের আন্তর্জাতিক চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করেন এবং ঢাকা-১২ আসনে চাঁদাবাজি চললে প্রতিহত করার ঘোষণা দেন। বিক্ষোভ মিছিলটি বাংলামোটর থেকে শুরু হয়ে মগবাজার চৌরাস্তায় সমাবেশে মিলিত হয়। এতে স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন।












