জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, বেসামরিক হত্যা এবং পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ নিয়ে বিশ্ব নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। প্রায় সব দেশই দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর দিয়েছেন, যা ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে চাপের মুখে ফেলেছে। এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ব্যবস্থার প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন তোলেন, গাজায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা বিশ্বব্যবস্থার বিশ্বাসযোগ্যতা কতটা ক্ষুণ্ণ করবে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ফিলিস্তিন ও ইরান ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান জানিয়েছেন এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিরোধিতা অব্যাহত রাখার কথা বলেছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলের কর্মকাণ্ডকে 'গণহত্যা' আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানও ইসরায়েলের সমালোচনা করেন, যার সময় জাতিসংঘে ইসরায়েলি প্রতিনিধিদল হল ত্যাগ করে।






