জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলের পরিবেশের ওপর প্রভাব নিয়ে বিশ্বনেতাদের সামনে কথা বলেন ৩৬ বছর বয়সী এই নেতা। তবে বক্তব্য দেওয়ার সময়ও তার চোখে ছিল পরিচিত কালো সানগ্লাস, যা তার রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
সাধারণত পুরো চোখ ঢেকে রাখা আয়তাকার ফ্রেমের কালো সানগ্লাস পরা অবস্থায় দেখা যায় বালেন্দ্র শাহকে। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, তিনি সংসদ অধিবেশন, সরকারি অনুষ্ঠান এবং বিদেশি দূতদের সঙ্গে ছবি তোলার সময় সানগ্লাস পরেন, তবে মন্ত্রিসভার বৈঠক বা ব্যক্তিগত আলোচনায় এটি খুলে রাখেন। র্যাপার থেকে রাজনীতিতে আসা শাহের এই সানগ্লাস তার ব্যক্তিত্বে রহস্যময়তা যোগ করেছে।







