ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসন্ন যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্ক সিটির মেয়রের গ্রেপ্তার পরোয়ানা জারির হুমকির মুখে বিকল্প বিমানবন্দর ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার ঘোষণা দেওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
নেতানিয়াহুর রাষ্ট্রীয় উড়োজাহাজ ‘উইং অব জায়ন’ নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরের পরিবর্তে নিউজার্সির একটি বিমানবন্দরে অবতরণ করতে পারে। প্রশাসনিক সমন্বয়হীনতা এবং বিমান পার্কিং নিয়ে অনিশ্চয়তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, বিক্ষোভের আশঙ্কায় নেতানিয়াহু নিউইয়র্কে রাত না কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং তার সফরসূচি সংক্ষিপ্ত করেছেন। ইলন মাস্কের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকও বাতিল করা হয়েছে।






