ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, গাজায় মানবিক সহায়তা নিশ্চিত না হলে আন্তর্জাতিক সম্প্রদায় কি কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিস্থিতি দেখবে? ম্যাক্রোঁ বলেন, কেউ কেউ শান্তির কথা বললেও তা গাজায় মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করতে পারেনি। তিনি অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং সেখানে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার নিন্দা জানান। ম্যাক্রোঁ সতর্ক করেন যে, গাজার পরিস্থিতিতে নিষ্ক্রিয় থাকলে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠবে।
অন্যদিকে, হোয়াইট হাউস ম্যাক্রোঁর সমালোচনার জবাবে ট্রাম্পের গাজা নীতির পক্ষে অবস্থান নেয়। তারা দাবি করে যে, ট্রাম্প ইসরায়েল ও হামাসের যুদ্ধ শেষ করেছেন, জিম্মিদের মুক্ত করেছেন এবং ২০ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের নেতৃত্ব দিচ্ছেন। ম্যাক্রোঁ তার শেষ জাতিসংঘ ভাষণে বিশ্বে শক্তি ও জবরদস্তির ওপর নির্ভরশীল নতুন ব্যবস্থা গড়ে ওঠার বিষয়ে সতর্ক করেন এবং সভ্য আন্তর্জাতিক সমাজকে সম্পর্কের ভিত্তি করার আহ্বান জানান।






