খালাস পাওয়ার পরও প্রায় আট বছর কারাগারে থাকার পর মুক্তি পাওয়া ইব্রাহিম আলী শেখকে কেন পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকার্ট বেঞ্চ এই আদেশ দেন।
গত জুলাই মাসে একটি দৈনিকে ‘জেল থেকে মুক্তি পাইছি জীবনডা ফেরত পাই নাই’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এই রিট করা হয়। প্রতিবেদনে বলা হয়, পৃথক দুটি মামলায় ২০১৭ সালে ইব্রাহিম শেখকে বেকসুর খালাস দেওয়া হলেও রায়ের কপি কারাগারে পৌঁছাতে আট বছর সময় লাগে। এতে তাকে ২০২৫ সাল পর্যন্ত কারাবন্দী থাকতে হয়।




