কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে অবস্থিত আল-আমিন মহিলা মাদ্রাসার দুই ছাত্রী মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়ম আক্তার তানিশা (১৩) গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছে। তারা বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় ছাত্রীদের পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পুলিশ তাদের উদ্ধারে তথ্য প্রযুক্তি ব্যবহার করে চেষ্টা চালাচ্ছে। স্থানীয়দের ধারণা, তারা কোনো মানবপাচারকারী চক্রের কবলে পড়তে পারে।
নিখোঁজ মাহিমা সৌদি আরব প্রবাসী মহি উদ্দিনের মেয়ে এবং তানিশা দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলমের মেয়ে। তারা দুজনেই মাদ্রাসার যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে, তাদের সন্ধানে অভিযান চলছে।




