আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি কিকউইত থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে উড্ডয়ন করছিল। যান্ত্রিক ত্রুটির কারণে কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গেতে জরুরি অবতরণের চেষ্টা করার সময় এটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেনগে ১৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও ছিলেন। এছাড়া দুই জেনারেলের সঙ্গে থাকা সরকারি প্রতিনিধি দলের সদস্য এবং সামরিক বাহিনীর আরও কয়েকজন সদস্যও ছিলেন। নিহতদের অধিকাংশের মরদেহ পুড়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি।







